Showing posts with label যতীন্দ্রমোহন বাগচী (১৮৭৮ - ১৯৪৮). Show all posts
Showing posts with label যতীন্দ্রমোহন বাগচী (১৮৭৮ - ১৯৪৮). Show all posts

Monday, November 24, 2014

কাজলা দিদি/যতীন্দ্রমোহন বাগচী

বাশঁ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই-
মাগো আমার শোলক-বলা কাজলাদিদি কই?
পুকুর পাড়ে, নেবুর তলে থোকায় থোকায় জোনাই জ্বলে
ফুলের গন্ধে ঘুম আসে না, তাইতো জেগে রই।
মাগো, আমার কোলের কাছে কাজলাদিদি কই?
সেদিন হতে দিদিকে আর কেনই বা না ডাকো
দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো?
খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি তখন-
ঘর থেকে কেন মা আর দিদি আসে নাকো,
আমি ডাকি, তুমি কেন চুপটি করে থাকো?
বল্ মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে?
কাল যে আমার নতুন ঘরে পুতুলবিয়ে হবে?
দিদির মত ফাঁকি দিয়ে আমিও যদি লুকাই গিয়ে
তুমি তখন একলা ঘরে কেমন করে 'বে?
আমিও নাই, দিদিও নাই- কেমন মজা হবে!
ভুঁইচাঁপাতে ভরে গেছে শিউলি গাছের তল
মাড়াসনে মা, পুকুর থেকে আনবি যখন জল
ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে,
দিস না তারে উড়িয়ে মাগো, ছিঁড়তে গিয়ে ফল-
দিদি এসে শুনবে যখন, বলবে কি মা বল?
বাশঁ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই-
এমন সময় মাগো, আমার কাজলাদিদি কই?
বেড়ার ধারে, পুকুরপাড়ে ঝিঁ-ঝিঁ ডাকে ঝোপে- ঝাড়ে
নেবুর গন্ধে ঘুম আসে না, তাইতো জেগে রই-

রাত যে হল, মাগো, আমার কাজলা দিদি কই?