Monday, November 24, 2014

লিচু-চোর / কাজী নজরুল ইসলাম



বাবুদের তাল-পুকুরে
হাবুদের ডাল-কুকুরে
সে কি বাস্ করলে তাড়া,
বলি থাম্ একটু দাঁড়া।
পুকুরের ঐ কাছে না
লিচুর এক গাছ আছে না
হোথা না আস্তে গিয়ে
য়্যাব্বড় কাস্তে নিয়ে
গাছে গ্যে যেই চড়েছি
ছোট এক ডাল ধরেছি,
ও বাবা, মড়াৎ করে
পড়েছি সড়াৎ জোরে !
পড়বি পড় মালীর ঘাড়েই,
সে ছিল গাছের আড়েই।

ব্যাটা ভাই বড় নচ্ছার,
ধুমাধুম গোটা দুচ্চার
দিলে খুব কিল ও ঘুসি
একদম জোরসে ঠুসি !
আমিও বাগিয়ে থাপড়
দে হাওয়া চাগিয়ে কাপড়
লাফিয়ে ডিঙনু দেয়াল,
দেখি এক ভিটরে শেয়াল !
আরে ধ্যাৎ শেয়াল কোথা ?
ভোলাটা দাঁড়িয়ে হোথা !
দেখে যেই আঁতকে ওঠা
কুকুরও জুড়লে ছোটা !
আমি কই কম্ম কাবার
কুকুরেই করবে সাবাড় !
'বাবা গো মা গো' বলে
পাঁচিলের ফোঁকল গলে
ঢুকি গ্যে বোসদের ঘরে,
যেন প্রাণ আসলো ধরে !
যাব ফের ? কান মলি ভাই,
চুরিতে আর যদি যাই !
তবে মোর নামই মিছা !
কুকুরের চামড়া খিঁচা
সে কি ভাই যায় রে ভুলা--
মালীর ঐ পিটনিগুলা !
কি বলিস্ ? ফের হপ্তা !

তৌবা--নাক খপতা !

মাস্টারবাবু / রবীন্দ্রনাথ ঠাকুর



আমি আজ কানাই মাস্টার,
           পোড়ো মোর বেড়াল ছানাটি।
আমি ওকে মারি নে মা বেত,
           মিছিমিছি বসি নিয়ে কাঠি।
রোজ রোজ দেরি করে আসে,
           পড়াতে দেয় না ও তো মন,
ডান পা তুলিয়ে তোলে হাই
           যত আমি বলি, 'শোন্, শোন্'।
দিনরাত খেলা খেলা খেলা,
           লেখা পড়ায় ভারি অবহেলা।
আমি বলি 'চ ছ জ ঝ ঞ',
ও কেবল বলে 'মিয়োঁ' মিয়োঁ'।


প্রথম ভাগের পাতা খুলে
           আমি ওরে বোঝাই মা, কত-
চুরি করে খাস্ নে কখনো,
           ভালো হোস্ গোপালের মতো।

যত বলি সব হয় মিছে,
           কথা যদি একটিও শোনে-
মাছ যদি দেখেছে কোথাও
           কিছুই থাকে না আর মনে।
চড়াই পাখির দেখা পেলে
           ছুটে যায় সব পড়া ফেলে।
যত বলি 'চ ছ জ ঝ ঞ'
           দুষ্টুমি করে বলে 'মিয়োঁ'।
আমি ওরে বলি বার বার
           'পড়ার সময় তুমি পোড়ো,-
তার পরে ছুটি হয়ে গেলে
           খেলার সময় খেলা কোরো'।
ভালোমানুষের মতো থাকে,
           আড়ে আড়ে চায় মুখপানে,
এমনি সে ভান করে যেন
           যা বলি বুঝেছে তার মানে।
একটু সুযোগ বোঝে যেই
           কোথা যায় আর দেখা নেই।
আমি বলি 'চ ছ জ ঝ ঞ',

           ও কেবল বলে 'মিয়োঁ মিয়োঁ।